কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।

তিনি জানান, চারটি ফিলিং স্টেশন ও তিনটি স্বর্ণের দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে চারটি স্বর্ণের দোকানে ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়, এবং তাদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযানের সময় জুয়েলারি দোকান মালিক সমিতির সদস্যরা ওজন পরিমাপক যন্ত্র ঠিক করতে এক সপ্তাহ সময় চান। তাদের সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে ত্রুটিপূর্ণ যন্ত্র ব্যবহার করলে আবারও মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইসঙ্গে অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীদের সঠিক ওজন যন্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বুধবার বিকেলে কক্সবাজার শহরের কয়েকটি এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে আরও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ৯টি ওষুধের দোকানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights