কথার লড়াই মোদি-মমতার

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে গতকাল বিধানসভা নির্বাচনের প্রথম দফা শেষ হওয়ার পর মূল দুই প্রতিপক্ষের মধ্যে কথার লড়াই শুরু হয়েছে। যেমন গতকাল কলকাতার গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণে বের হয়ে বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ করে বলেন, ‘তৃণমূলের মহাঅরাজকতা শেষ হতে চলেছে। গোটা বাংলায় আজ একটা স্লোগান, সেটা হলো পাল্টানো দরকার।’ অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি মোদিকে উদ্দেশ করে বলেন, ‘৪ মে ভোটের ফলাফল বের হবে। তখন আপনি লুচির মতো ফুলবেন।’ মোদি বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলায় পরিবর্তনের যে ঢেউ দেখা গিয়েছিল, বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন তাতে সিলমোহর লাগিয়ে দিয়েছে। বিজেপির পক্ষে যে সমর্থন দেখা গেছে তাতে বিজেপির বিজয় ঘণ্টা বেজে গেছে। যে বাংলায় গণতন্ত্রের মন্দিরকে তৃণমূল কংগ্রেস পিষে দিয়েছে, তৃণমূলের একনায়কতন্ত্র গণতন্ত্রের মন্দিরকে খণ্ডবিখণ্ড করে দিয়েছে- সেই বাংলার মানুষ প্রথম দফার নির্বাচনে গণতন্ত্রের মন্দিরকে পুনর্নির্মাণ করেছে। এবার দ্বিতীয় দফায়, আপনাদের সবাইকে গণতন্ত্রের জয়ের ধ্বজা ওড়াতে হবে।’ মোদির বক্তব্যের পরই মমতা ব্যানার্জি তাঁকে উদ্দেশ করে বলেন, ‘ভোট কেটেও কিছু হবে না। মোদি বাবু, আপনার বিরুদ্ধেই এই ভোট। তার কারণ আপনারা এসআইআরের নামে মানুষের ওপর অত্যাচার করেছেন। মানুষ আপনাদের ক্ষমা করবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights