কর্ণফুলীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা, ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা মাস্টারহাট এলাকায় ‘মাদক বিক্রির প্রতিবাদ’ করায় এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা মুজিবুর রহমান নামের এক ব্যক্তির ভাড়াবাসা ভাঙচুর ও আগুনে পুড়িয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা গেছে একটি গবাদি পশু।
স্থানীয়দের অভিযোগ, মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রায় দুইমাস কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে বের হয়ে ফের মাদক কেনা-বেচায় জড়িয়ে পড়েন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাস্টারহাট এলাকায় মহিউদ্দিনের সঙ্গে ইব্রাহিম নামের এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম দা দিয়ে মহিউদ্দিনকে কুপিয়ে জখম করে। ইব্রাহিম মুজিবুর রহমানের সহযোগী হিসেবে কাজ করে বলেও জানা গেছে। হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা মুজিবুর রহমানের ভাড়াবাসায় গিয়ে আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর চালায়।
কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মহিউদ্দিন ও ইব্রাহিমের মধ্যে বিরোধের জেরে মহিউদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে উত্তেজিত জনতা মুজিবুর রহমানের বাড়িতে আগুন দিয়েছে।
