কলকাতাগামী বন্ধন এক্সপ্রেস ট্রেনের জেনারেটর রুমে আগুন

দীপক দেবনাথ, কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের খুলনা থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেসে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে ওই ট্রেনট্রি সীমান্ত পার করে ভারতীয় অংশে প্রবেশ করার পর পশ্চিমবঙ্গের উত্তর ২৪পরগনা জেলার শিয়ালদা-বনগাঁ শাখার গোবরডাঙ্গা রেল স্টেশনে ঢোকার ঠিক আগে হঠাৎ করে পেছনের জেনারেটর কামরা থেকে আগুন বের হতে থাকে। এরপরই দ্রুততার সাথে ট্রেনটিকে ওই স্টেশনে থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেলের কর্মকর্তারা।

প্রতি রবিবার ও বৃহস্পতিবার সকাল ৭ টা ১০ মিনিটে কলকাতার চিৎপুর থেকে যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টায় বন্ধন পৌঁছায় খুলনায়। এরপর দুপুর দেড়টায় খুলনা থেকে যাত্রী নিয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ ফের কলকাতায় পৌঁছায় এই বন্ধন এক্সপ্রেস ট্রেনটি।

খুলনা থেকে এই ট্রেন ছাড়ার পর মাঝপথে বাংলাদেশের দিকে যশোর, বেনাপোল এবং ভারতীয় প্রান্তে পেট্রাপোল ও কলকাতা স্টেশনে দাঁড়ায়। কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে ট্রেনটি গোবরডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে পড়ে।
বিকাল পাঁচটা নাগাদ কলকাতা-খুলনা এক্সপ্রেসের পেছনের গার্ডের কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে থাকে। তড়িঘড়ি ট্রেনটি গোবরডাঙ্গা স্টেশনে দাঁড় করানো হয়।

আগুনের খবর পেয়ে শিগগিরই রেলের কর্মকর্তা ও প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপক সিলিন্ডার ও গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় ২০ মিনিট গোবরডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়।

প্রাথমিক ধারণা চাকার ব্রেকশু থেকে আগুন লাগে এবং তা থেকেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। ট্রেনটি গোবরডাঙ্গা স্টেশনে ঢুকতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights