কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের!

অনলাইন ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কড়া বক্তব্য ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিকে কেন্দ্র করে। সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি কলকাতার নাম উল্লেখ করে হুমকি দেওয়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।

ভারত ভবিষ্যতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার জবাবে পাকিস্তান কলকাতা পর্যন্ত আঘাত হানতে পারে বলে মন্তব্য করেন খাজা আসিফ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পহেলগাম হামলার বার্ষিকী ঘিরে এসব বক্তব্য সামনে এসেছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।

খাজা আসিফ দাবি করেন, ভারত যদি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন চালানোর চেষ্টা করে, তাহলে তার জবাব দেওয়া হবে। তবে এ ধরনের অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে থাকলেও সার্বভৌমত্ব রক্ষায় দেশটি প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও কড়া অবস্থান নিয়েছেন। কেরালার এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাবে ভারত নজিরবিহীন ব্যবস্থা নেবে।

তিনি দাবি করেন, ২০২৫ সালের পহেলগাম হামলার পর পরিচালিত সামরিক অভিযানে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। রাজনাথ সিং বলেন, এ ধরনের অভিযান এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতেও প্রয়োজনে আরও কঠোর জবাব দেওয়া হবে।

এ পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights