কলাপাড়ায় মহিষের লড়াই
পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। এতে শাহাদাৎ হোসেন হাওলাদার এবং কুদ্দুছ মাঝীর দু’টি বলি মহিষ অংশ নেয়। দুর্দান্ত লড়াই দেখে অনেকটা উচ্ছ্বসিত ছিলো দর্শকরা। কুয়াশাচ্ছন্ন সোমবার সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়ার চরে এমন আয়োজন করেন ওই দুই বলি মহিষের মালিক।
স্থানীয়রা জানায়, বলি মহিষ দু’টি ছিলো প্রচন্ডভাবে তেজি। প্রথম থেকেই আক্রমণ। যেন একে অপরকে হারানোর জন্য আপ্রান চেষ্ট করছে। প্রায় ২৫ মিনিট ধরে থেমে থেমে লড়াই করেছিল। পরে মালিক পক্ষ থেকে দুদিকে নিয়ে যায়। তবে আগে গ্রামবাংলার প্রায় সব অঞ্চলে মহিষের লড়াই আয়োজন করা হতো। মালিকরা তাদের বলি মহিষকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তত করতেন। লড়াইয়ের অংশ নেওয়া মহিষদের গায়ে সরিষার তেল মালিশ করা সহ পুষ্টিকর খাবার খাওয়ানো হয় বলে মহিষের রাখালরা জানান।
মহিষের লড়াই দেখতে আশা অনেকেই জানান, এক সময় গ্রামবাংলার এমন প্রতিযোগিতা মহিষের লড়াই ছিলো। এখন আর সচারাচর এমন লড়াই দেখা যায় না।
লড়াইয়ে অংশ নেয়া বলি মহিষের মালিক শাহাদাৎ হাওলাদার বলেন, তার বাড়িতে অনেক মহিষ রয়েছে। প্রায়ই বলি মহিষের সাথে লড়াই দেয়া হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে তিনি বলে জানান।
