কাউন্টিতে আবারও ৭ উইকেট হাসানের, চার ম্যাচে শিকার ২৬
স্পোর্টস ডেস্ক
কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। আগের ম্যাচেও দুই ইনিংসে সাত উইকেট শিকার করেছিলেন এই পেসার।
ডার্বিশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বোলিং করে মাত্র ৩২ রান দিয়ে তিন উইকেট নেন হাসান। এর আগে প্রথম ইনিংসে ৫৮ রানে নিয়েছিলেন চার উইকেট। ফলে ম্যাচে তাঁর শিকার সাত উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা হাসান কাউন্টিতে চার ম্যাচেই নিয়েছেন ২৬ উইকেট। তাঁর বোলিং নৈপুণ্যে আগের তিন ম্যাচে জয়ও পেয়েছিল কেন্ট।
তৃতীয় দিন ডার্বিশায়ারে ১ উইকেটে ১০০ রান নিয়ে খেলা শুরু করে ডার্বিশায়ার। আগের দিনও একমাত্র উইকেটটি নিয়েছিলেন হাসান। তৃতীয় দিনে কেন্টকে প্রথম দুটি সাফল্য এনে দেন তিনিই। ৪৬ রান করা ম্যাথু মন্টগোমেরিকে কিপারের ক্যাচ বানানোর পর ডার্বিশায়ারের অধিনায়ক ওয়েন ম্যাডসেনকে শূন্য রানে ফেরান হাসান।
তবে হাসানের দারুণ বোলিংয়ের পরও কেন্টের অন্য বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। হ্যারি কেইম ৫১, মার্টিন অ্যান্ডারসন ৫০ এবং ব্রুক গেস্ট অপরাজিত ৭৫ রান করেন। ৮ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা করে ডার্বিশায়ার।
প্রথম ইনিংসে ৮১ রানের লিডসহ কেন্টের সামনে জয়ের জন্য ৪৩৪ রানের লক্ষ্য দাঁড়িয়েছে। ফলে জয় তো দূরের কথা, ম্যাচ বাঁচানোই এখন কঠিন হয়ে পড়েছে কেন্টের জন্য।
হাসানের তিন উইকেটের পাশাপাশি কেন্টের হয়ে দুটি করে উইকেট নেন একানশ সিং ও বার্টি ফোরম্যান। কাউন্টি অভিষেকে প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়া সৈয়দ খালেদ আহমেদ দ্বিতীয় ইনিংসে ১৮.৪ ওভার বল করে ৬৪ রান দিলেও কোনো উইকেট পাননি।
