কাগজ পৌঁছেছে কারাগারে, মুক্তি পাচ্ছেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। ইতোমধ্যে কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়ার কাগজ পৌঁছেছে। তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপারকাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, নুসরাত ফারিয়ার জামিনের কাগজ আমাদের হাতে এসে পৌঁছেছে। তাকে ছেড়ে দেয়ার কাজ চলমান রয়েছে। তার পরিবারের লোকজন আসলেই ছেড়ে দেওয়া হবে।

এর আগে, হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিন চেয়ে মঙ্গলবার সকালে আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার সকালে এ আদেশ দেন।

সোমবার (১৯ মে) নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মঙ্গলবার নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন, মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলার পরোয়ানা ছিল।

এরপর সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ প্রহরায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights