‘কাজ না করলে চলে যাবেন, আপনাকে তো আমরা বেঁধে রাখিনি’
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে তাৎক্ষণিকভাবে মুঠোফোনে তিরস্কার করেন তিনি।
শনিবার (১৩ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা কার্যক্রম, হাজিরা খাতা ও প্রশাসনিক নথিপত্র পর্যালোচনা করেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে জানতে পারেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। পরে উপস্থিত সবার সামনেই মুঠোফোনে ডা. এমরানুর রহমানের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, হয় কাজ করবেন, না হয় চলে যাবেন। আপনাকে তো আমরা বেঁধে রাখিনি। এখানে কাজ করতে ভালো না লাগলে চলে যান। আপনার সঙ্গে একাধিকবার কথা বলেছি, কিন্তু কোনো কাজের উন্নতি দেখিনি। আগামী মঙ্গলবার সকালে এখানে একটি মিটিং ডাকেন।
হাসপাতাল পরিদর্শনের সময় রোগী ও তাদের স্বজনরা চিকিৎসকদের অনুপস্থিতি, সেবার মানহীনতা এবং বিভিন্ন ধরনের ভোগান্তির অভিযোগ করেন। এসব অভিযোগ শুনে প্রতিমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করার আশ্বাস দেন।
তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ রোগীরা উপস্থিত ছিলেন।
