কাঠবোঝাই নৌকাটি তিন দিনেও ছাড়েনি আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের আকিয়াব থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠবোঝাই নৌকা আটকে রেখেছে আরাকান আর্মি। গতকাল বুধবার পর্যন্ত রাখাইনের মংডু খারাংখালী খালে কাঠবোঝাই ওই নৌকাটি আরাকান আর্মির জিম্মায় রয়েছে বলে বন্দরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘টেকনাফ স্থলবন্দরে আসার পথে কাঠবোঝাই এক নৌকা নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।’

জানা গেছে, সোমবার (১০ ফেব্রুয়ারি) টেকনাফ শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে তল্লাশির কথা বলে স্পিডবোটে ধাওয়া করে কাঠবোঝাই নৌকাটি ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তিন দিন হলেও এখনও নৌকাটি ছাড়েনি।

তল্লাশির নামে আরাকান আর্মি একটি কাঠবোঝাই নৌকা জিম্মি করে রেখেছে বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘তিন দিন হলেও একটি কাঠবোঝাই নৌকা এখানে এসে পৌঁছেনি। ওই নৌকাতে ৩৫ টন কাঠ রয়েছে। এসব পণ্য ব্যবসায়ী আবদুল কাদেরের কাছে আসছিল। এ ছাড়া গত ১৬ জানুয়ারির পর ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে কোনও পণ্যবাহী নৌকা আসেনি।’

ব্যবসায়ী আবদুল কাদের বলেন, ‌‌‌‌‍‘৩৫ টন কাঠ নিয়ে মিয়ানমার থেকে একটি নৌকা আমার কাছে আসার পথে সে দেশের আরাকান আর্মি স্পিডবোটে ধাওয়া করে ধরে নিয়ে গেছে।’

এর আগে, গত ১৬ জানুয়ারি দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক হয় পণ্যবাহী তিনটি কার্গো। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্য ছিল। এর মধ্যে গত ২০ জানুয়ারি দুটি কার্গো ছেড়ে দেয় আরাকান আর্মি। সেখানে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল। আরেকটি গত ১ ফেব্রুয়ারিতে ছেড়ে দেয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights