কানাডায় ‘পোস্টাল ব্যালটে নতুন দিগন্ত, প্রবাসীদের ইতিবাচক বার্তা’ শীর্ষক আলোচনা সভা

কানাডা প্রতিনিধি

সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত না হয়েও পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে ‘পোস্টাল ব্যালটে নতুন দিগন্ত, প্রবাসীদের ইতিবাচক বার্তা’ শীর্ষক এক আলোচনা সভা কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

আলবার্টার প্রথম বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’–এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পোর্টালটির প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ড. মো. আব্দুল বাতেন, আলমগীর দারাইন, মো. রশিদ রিপন, আসিফ হোসেন, মেহেদী হাসান রনি, সুলতান তাইপুর, সুবর্না খন্দকার, রেহানা বেগম, মোহাম্মদ নাইম আহমেদ, ড. দেলোয়ার হোসেন, সোহেল মাহবুবুল করিম, একতা দারাইন করিম, আশিক হক, জাভেদ ইকবালসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন মাইলফলক সূচিত হতে যাচ্ছে। দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী।

নির্বাচন কমিশনের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রবাসীরা বলেন, স্বাধীনতার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থেকেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। এতদিন প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছেন; এবার ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিত হলে দেশের সঙ্গে প্রবাসীদের সম্পৃক্ততা ও অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে।

বক্তারা আরও বলেন, পোস্টাল ভোটিং ব্যবস্থা কার্যকর ও সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে গণতান্ত্রিক অংশগ্রহণ সম্প্রসারিত হবে এবং বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights