কানাডার বেলভিলে সিনাগগের বাইরে গোলাগুলি, পুলিশ কর্মকর্তাসহ এক সন্দেহভাজন আহত
কানাডা প্রতিনিধি
কানাডার অন্টারিওর বেলভিলে শহরে ইওম কিপুর (ইয়োম কিপ্পুর) উপলক্ষে প্রার্থনা চলাকালে সন্স অফ জ্যাকব সিনাগগ-এর বাইরে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা ও ২৯ বছর বয়সী এক সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়েছেন। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্টারিওর স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ) জানিয়েছে, ভিক্টোরিয়া অ্যাভিনিউ ও ব্রেকার অ্যাভিনিউর এর কাছে সিনাগগের বাইরে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার দিকে শটগান নিয়ে এক ব্যক্তি গুলি চালান। পুলিশ কর্মকর্তা পাল্টা গুলি চালান এবং পরে ঘটনাস্থলে আসা আরেক কর্মকর্তাও গুলি করেন। গোলাগুলিতে প্রথম কর্মকর্তা ও সন্দেহভাজন দুজনই গুলিবিদ্ধ হন।
আহত পুলিশ কর্মকর্তা কনস্টেবল জেফ স্মিথ বেলভিলে পুলিশ সার্ভিস এ ১৩ বছরের অভিজ্ঞ কর্মকর্তা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ২৯ বছর বয়সী শন ওয়ার্ড, কাউন্টি ওয়েস্টের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে, তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সময় সিনাগগের ভেতরে ইওম কিপুরে প্রার্থনার জন্য প্রায় ২৫ জন মানুষ জড়ো হয়েছিলেন। গুলির শব্দ শুনে তারা মেঝেতে শুয়ে পড়েন এবং দরজা বন্ধ করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করেন।
সিনাগগের সভাপতি নরম্যান ওয়েডাম জানিয়েছেন, গুলির সময় কয়েকটি গুলি ভবনের জানালার দিকে এসে লাগে। তবে ভেতরে থাকা কোনো উপাসনাকারী আহত হননি।
এসআইইউ এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনায় প্রায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। আশপাশের কয়েকটি বাড়ি, গাড়ি ও অন্যান্য স্থাপনায় গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি’ এবং অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড পৃথকভাবে ঘটনার নিন্দা জানিয়েছেন। নিরাপত্তার অংশ হিসেবে টরন্টো ও আশপাশের এলাকায় সিনাগগসহ বিভিন্ন উপাসনালয়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
ঘটনাটি সিনাগগকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা বা হেট ক্রাইম ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে ঘটনার ছবি কিংবা ভিডিও রয়েছে, তাদের তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
