কাল ফেনীতে যাচ্ছেন মির্জা ফখরুল
ফেনী প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সেখানে যাচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল বুধবার ফেনীতে যাওয়ার কথা রয়েছে তার।
ফেনীতে মির্জা ফখরুলের আগমন উপলক্ষ্যে ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের ইসলামপুর রোডের দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বিএনপি।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেনী পৌঁছানোর কথা রয়েছে। এতে জেলা বিএনপির শীর্ষ নেতারা ফেনীর প্রবেশমুখ মোহাম্মদ আলী বাজারে তাকে স্বাগত জানিয়ে ফুলগাজীর উদ্দেশ্যে রওনা হবেন।
ফুলগাজীতে পৌঁছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন মির্জা ফখরুল। এরপর বিকেলে ছাগলনাইয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখবেন তিনি। জনসভা শেষে ফেনী শহরে জেলা বিএনপির পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দীর্ঘদিন পর দলের মহাসচিবের আগমন উপলক্ষ্যে উজ্জীবিত সেখানকার নেতাকর্মীরা।
