কালীগন্জ মহাসড়কে ট্যাংক লরি চাপায় যুবকের মৃত্যু
” হুসাইন কবীর সুজন ”
ঝিনাইদহের কালীগঞ্জে ট্যাংক লরি চাপায় রনি ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রনি ইসলাম রাজশাহীর কাটাখালী পৌরসভার এমাদপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। বুধবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। একাধিক প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবারকগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন রনি ইসলাম। এ সময় যশোরগামী একটি ট্যাংক লরি তাকে চাপা দিলে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের অফিসার মোঃ মামুনুর রশীদ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রেজোয়ান উদ- দারাইন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই সে মারা যায়।কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় ১৪ চাকার একটা ট্যাংক লরি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
