কাহালু পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বগুড়া জেলার কাহালু পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার যুগ্ম সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারের প্রকাশিত আদেশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার বিগত ৩১/০৫/২০১১ খ্রি. তারিখের ৮১১ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক বগুড়া জেলার কাহালু পৌরসভাকে “গ” শ্রেণি হতে “খ” শ্রেণি পৌরসভায় উন্নীত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের পূর্ববর্তী নীতিমালা ও মূল্যায়ন প্রতিবেদনের আলোকে কাহালু পৌরসভার আর্থিক সক্ষমতা, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, জনসংখ্যা বৃদ্ধি এবং রাজস্ব আহরণের সক্ষমতা বিবেচনা করে এ উন্নীতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন জানান, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এটি কাহালু পৌরবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের অর্জন। এই উন্নয়নের ফলে পৌর সেবার মান আরও বৃদ্ধি পাবে, নাগরিক সুবিধা সম্প্রসারিত হবে এবং কাহালু পৌরসভার সার্বিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এদিকে, দীর্ঘদিনের দাবি পূরণে সার্বিক সহযোগিতা করায় স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন কাহালু পৌরবাসী
