কিংস অ্যারিনাতেই ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালের শিডিউল ও ভেন্যু আগেই নির্ধারিত ছিল। অথচ আজ ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। খেলা হওয়ার কথা বসুন্ধরা কিংস অ্যারিনায়। যা আগেই সব দলের সম্মতিতে ঠিক হয়েছিল। ফাইনালে উঠেছিল ঢাকা মোহামেডান ও বসুন্ধরা কিংস। সমস্যাটা তৈরি করেছে মোহামেডানই। ফাইনাল নিশ্চিত করার পর তারা বেঁকে বসেছে কিংস অ্যারিনায় ফাইনাল খেলবে না। যুক্তি তাদের এটা কিংসের হোম ভেন্যু। প্রশ্ন উঠেছে যখন সব দলের মতামত নেওয়া হলো তখন কেন মোহামেডান আপত্তি জানায়নি কিংস অ্যারিনায় ফাইনালের ব্যাপারে। তাহলে কি তারা ধরে নিয়েছিল এমন দুর্বল দল নিয়ে তাদের ফাইনাল খেলার সামর্থ্য নেই। সে ক্ষেত্রে কিংস অ্যারিনায় ফাইনাল হলেই বা ক্ষতি কি?

এবারের আসরের ভেন্যুই ছিল কিংস অ্যারিনা ও কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এটা তো আবার কয়েক বছর ধরে মোহামেডানের লিগের হোম ভেন্যু। এখানে চ্যালেঞ্জ কাপের ফাইনাল ও মোহামেডানের বিপক্ষে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে কিংস। তাহলে সবার সম্মতি নেওয়ার পরও কিংস অ্যারিনায় ফাইনাল কেন খেলবে না মোহামেডান। এটা ঠিক ব্রাদার্স ইউনিয়নকে হারানোর পরই মোহামেডান বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে চিঠি দিয়েছিল কিংস অ্যারিনাতে না খেলার জন্য। হাতে সময় থাকার পরও সভাপতি কেন বিষয়টিকে গুরুত্ব দিলেন না?

ফাইনাল যখন মাঠে গড়াতে কয়েক ঘণ্টা বাকি তখন দুই দলের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসল। মোহামেডানের পরিচালক মোস্তাকুর রহমান ও কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়োজিদ আলম নিপু উপস্থিত ছিলেন। মোস্তাক বৈঠকে বলে এসেছেন তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। নিপু বলেছেন সব তো আগেই নির্ধারিত এখানে বলার কি আছে। কোনো ফয়সালা না করে সভাপতি নাকি তাদের জানিয়েছেন দেখি না কি করা যায়। এমন জটিলতার পর ফুটবল অভিভাবক এমন কথা বলেন কীভাবে? মোহামেডান যদি খেলতে না চায় তাহলে বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তাই তো বাস্তবে হওয়া উচিত। অথচ সভাপতি এখানে নীরব ছিলেন! নিপু আবার জানালেন অন্য কথা। বাফুফে সভাপতি তাদের জানিয়েছেন আপনারা প্রস্তুতি নিন, খেলা কিংস অ্যারিনাতেই হবে। যাক শেষ পর্যন্ত কিংস অ্যারিনাতেই ফেডারেশন কাপের ফাইনাল হতে যাচ্ছে। গতকাল গভীর রাতে মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া মুঠোফোনে জানান, ‘আমরা আমাদের সিদ্ধান্তের ব্যাপারে অটলই ছিলাম। কিন্তু বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মোহামেডানের সভাপতি বরকতউল্লাহ বুলু ভাইকে বিশেষ অনুরোধ করলে আমরা ফুটবলের বৃহত্তর স্বার্থে কিংস অ্যারিনায় খেলতে রাজি হয়েছি। তবে বাফুফে আজ আমাদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে। ম্যাচটি আজ হবে কি না তা নিশ্চিত নয়। হয়তো একদিন পিছিয়ে যেতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights