কিউইদের সামনে দাঁড়াতেই পারল না আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ড সফরের একমাত্র টেস্টে সহজ জয় পেল নিউ জিল্যান্ড। বেলফাস্টে মাত্র সাড়ে তিন দিনের মধ্যে আইরিশদের ইনিংস ও ৭৯ রানে হারিয়েছে কিউইরা। এ নিয়ে নিজেদের ১৩ টেস্টের মধ্যে ১০টিই হারল আয়ারল্যান্ড।

ম্যাচে টস জিতে নিউ জিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪৯০ রান করে টম ল্যাথামের নেতৃত্বাধীন দল। এরপর তাদের আর ব্যাট করতে নামতে হয়নি।

নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৩৮ রানে ৬ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়ে ২৩২ রান পর্যন্ত করতে পারে আয়ারল্যান্ড। পরে তাদের ফলো-অন করায় নিউ জিল্যান্ড। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ১৭৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল।

কিউইদের হয়ে ২২ চার ও ৩ ছক্কায় ২৯২ বলে ১৮৬ রানের ইনিংস খেলেন টম ব্লান্ডেল। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

একমাত্র ইনিংসের একপর্যায়ে ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে নিউ জিল্যান্ড। পরে রাচিন রবীন্দ্রকে নিয়ে ২১৭ রানের জুটি গড়েন ব্লান্ডেল। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ১১ চার ও ৪ ছক্কায় ১৯৪ বলে ১২১ রানের ইনিংস খেলেন রবীন্দ্র।

পরে আবার ডিন ফক্সক্রফটের সঙ্গে ১৫৮ রান যোগ করেন ব্লান্ডেল। টেস্ট অভিষেকে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি ফক্সক্রফট। ৬ চার ও ১ ছক্কায় ১২৯ বলে ৯৮ রান করে আউট হন অফ স্পিনিং অলরাউন্ডার।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মার্ক অ্যাডায়ার।

পরে নাথান স্মিথের তোপে পড়ে মাত্র ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। সেখান থেকে অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক অ্যাডায়ার মিলে গড়েন ১১৬ রানের জুটি। অ্যাডায়ার আউট হন ৪০ রান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭৩ রানের ইনিংস খেলেন ম্যাকব্রাইন।

সব মিলিয়ে ৪০ রানে ৬ উইকেট নেন স্মিথ। আয়ারল্যান্ডের প্রথম ছয় ব্যাটারের মধ্যে চারজনকে তিনি ফেরান শূন্য রানে। দীর্ঘ টেস্ট ইতিহাসে এর আগে যা করতে পারেননি আর কোনো বোলার।

ফলো-অনে পড়ে দ্বিতীয়বার ব্যাট করতে নেমেও তেমন উন্নতি হয়নি আইরিশদের। এবার ওপেনার স্টিফেন ডোহেনি খেলেন সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস। এছাড়া লরকান টাকারের ব্যাট থেকে আসে ঠিক ৫০ রান।

প্রথম ইনিংসের পর দ্বিতীয়টিতেও দারুণ ব্যাটিং করে ৪৪ রানে অপরাজিত থাকেন মার্ক অ্যাডায়ার।

দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ডের হয়ে ৭৬ রানে ৫ উইকেট নেন ব্লেয়ার টিকনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights