কিউএস র‌্যাঙ্কিংয়ে আরও পেছাল বাংলাদেশ

নিজস্ব ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’ প্রকাশ করেছে গতকাল। বিশ্বের ১ হাজার ৫০১টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এ র‌্যাঙ্কিংয়ে গত কয়েক বছরের ন্যায় এবারও শীর্ষস্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

গতবারের চেয়ে র‌্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে পড়েছে এদেশের বিশ্ববিদ্যালয়গুলো। ১ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এদেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। এগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তবে এ তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গত বছরের র‌্যাঙ্কিং থেকে আরও পিছিয়ে গেছে। ১ হাজারের পরের তালিকায় থাকা বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ও পিছিয়ে গেছে গতবারের চেয়ে। কিউএস র‌্যাঙ্কিংয়ে এদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার তুলনামূলক নিম্নমানের চিত্রই ফুটে উঠেছে।

তথ্যমতে, এবারের র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম। গত বছর এর অবস্থান ছিল ৫৫৪তম। আর দ্বিতীয় অবস্থানে থাকা বুয়েট গতবারের মতো ৭৬১ থেকে ৭৭০তম বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবার রয়েছে ৯৫১ থেকে ১০০০ এর মধ্যে। গতবার এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৯০১ থেকে ৯৫০ এর মধ্যে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় রয়েছে ১২০১ থেকে ১৪০০তম বিশ্ববিদ্যালয়ের মধ্যে। গত বছর এর অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০ এর মধ্যে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অধিকার করেছে। ৯টি সূচকে মোট ১০০ স্কোরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৭০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights