কিশোরকে গুলি করে হত্যা: সেই ফরাসি পুলিশ কর্মকর্তার দুঃখপ্রকাশ

অনলাইন ডেস্ক
তল্লাশিচৌকিতে কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় অবশেষে দুঃখ প্রকাশ করলেন ফ্রান্সের অভিযুক্ত সেই পুলিশ কর্মকর্তা।

ওই ঘটনার জেরে কারাগারে থাকা ওই পুলিশ কর্মকর্তা নিহত কিশোরের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

গত মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি তল্লাশিচৌকিতে ১৭ বছর বয়সী নেহাল নামের এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা এখনও অব্যাহত রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু এলাকায় কারফিউ জারি ও যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, পুলিশের দু’জন কর্মকর্তা গাড়িটি থামানোর চেষ্টা করছেন। তাদের একজন গাড়ির জানালা দিয়ে চালকের দিকে অস্ত্র তাক করেন। চালক গাড়ি চালানো শুরু করলে খুব কাছ থেকে গুলি করেন পুলিশের ওই কর্মকর্তা। কয়েক মিটার দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। বার্তা সংস্থা এএফপি ভিডিওটির সত্যতা যাচাই করেছে।

এরপর থেকে দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইচ্ছাকৃত নরহত্যার অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনার জেরে তাকে জেলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights