কিশোরীকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ির বালাশীঘাট এলাকায় এক কিশোরীকে ব্রহ্মপুত্র নদে নৌকায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি রনি মিয়া (২৫) -কে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আসামি রনি মিয়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল বিকালের দিকে ওই কিশোরী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর রনি মিয়া মেয়েটিকে একা পেয়ে ১৪ এপিল সন্ধ্যা থেকে ১৬ এপ্রিল দুপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদে নৌকায় নিয়ে হাত-পা বেধেঁ কয়েকজন মিলে দুই দিন ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করে। এর একপর্যায়ে মেয়েটিকে নৌকার ভেতর রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে ফুলছড়ি থানায় গণধর্ষণের মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরের দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ফুলছড়ির ওই এলাকা থেকে অভিযুক্ত রনি মিয়াকে গ্রেফতার করা হয়।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি রনি মিয়াসহ আরও বেশ কয়েকজন মিলে ভুক্তভোগীকে ইচ্ছার বিরুদ্ধে হাত-পা বেঁধে ধর্ষণের কথা স্বীকার করেছে। ধৃত আসামি রনি মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights