কুকুরের লড়াই নিয়ে বিবাদ, গুলিতে প্রাণ গেল দু’জনের

অনলাইন ডেস্ক

ঘটনাটি ভারতের। দেশটির ইন্দোরে রাস্তায় হেঁটে যাওয়ার সময় লড়াইয়ে লিপ্ত হয় দুটি পোষা কুকুর। আর সেই কুকুরের লড়াই নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন তাদের মালিকরা। এরপর ঘটে গোলাগুলি। এতে অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ জানিয়েছে রাজপাল সিং রাজাওয়াত এবং বিমল আচালা নামের দুই ব্যক্তি তাদের পোষা কুকুর নিয়ে রাস্তায় বের হন। এ সময় অবলা পোষা কুকুরগুলো লড়াইয়ে জড়ায়। এ নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন কুকুর দুটির মালিকরা।

আর তর্কের এক পর্যায়ে রাজপাল সিং তার বাড়ির ভেতর গিয়ে নিজের ১২-বোর রাইফেল নিয়ে এসে বাড়ির বাড়ান্দা থেকে বিমল আচালাকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করেন। এতে গুলিবৃদ্ধ হয়ে বিমল ও অপর এক পথচারী নিহত হন। এছাড়া গুলিবৃদ্ধ হন আরও ছয়জন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
রাজপাল সিং পেশায় ব্যাংকের একজন নিরাপত্তারক্ষী ছিলেন। অপরদিকে নিহত বিমল একটি স্যালুনের মালিক ছিলেন।

রাজপালের গুলি করার সেই দৃশ্য কেউ একজন মোবাইলে ধারণ করেন। ওই ভিডিওতে আতঙ্কিত সাধারণ মানুষের চিৎকার-চেঁচামেচি শোনা যাচ্ছিল। ভিডিওতে দেখা যায়, রাজপাল প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়েন। এরপর মানুষের শরীর লক্ষ্য করে গুলি করেন তিনি।

এ ঘটনার পর রাজপাল, তার ছেলে সুধির ও অপর এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এএনআই, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights