কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
কুড়িগ্রাম প্রতিনিধি: ০৩.০১.২০২৬
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ এই
প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয়
সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় জেলা সমাজসেবা
অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়।
আলোচনা সভায় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদার
সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান, জেলা সমাজসেবা
কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ূন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক
আব্দুর রাজ্জাক রনি এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার
রহমান খন্দকারসহ অন্যান্য অতিথিরা।
এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,
সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে
পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও
মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর,
স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে হবে।
তারা আরও বলেন, অসহায়, প্রতিবন্ধী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে
সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি
সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
অনুষ্ঠান শেষে সমাজসেবা কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা
প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কাজ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত
করা হয়।
#
