কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে প্রচন্ড শীত জেকে বসেছে। প্রতিদিন মধ্য রাত থেকে ঘন কুয়াশা শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ছেয়ে থাকে গোটা জনপদ। আজ সকালে রাজারহাট কৃষি আবহাওয়া অফিস জেলার তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

আর এ শীতের ঠান্ডায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমিক শ্রেণির মানুষজন পড়েছেন চরম বিপাকে।তারা দেরিতে হলেও শীতকে উপেক্ষা করে কাজে যেতে বাধ্য হচ্ছেন। এছাড়াও নদী পাড়ের চর ও দ্বীপচরের বাসিন্দারা শীতের কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ায় আরো কাহিল হয়ে উঠছেন।

স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এখন তাপমাত্রা ক্রমেই কমবে।ডিসেম্বরের প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহ দেখা দেবে যখন ঠান্ডার মাত্রা আরো তীব্র থেকে তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, প্রতিবছরের ন্যায় শীতের মৌসুম এলেই ভ্রাম্যমান দোকানগুলোতে জমে ওঠে ভাপা পিঠা ও চিতুই পিঠার রমরমা বাণিজ্য। জেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে,শপিং মলের সামনে ও বিভিন্ন হাটেবাজারে দেখা যায় ভাপা পিঠা ও চিতুই পিঠার দোকান। অল্প মূল্যের কারণে এসব মুখরোচক পিঠার দোকানে শীতের এ ঠান্ডায় মানুষজন খেতে আসেন এবং প্রচন্ড ভিড় লক্ষ করা যায়। দেখা গেছে, জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে,মধুর মোড়ে,ভকেশনাল মোড়,সিএন্ডবি মোড়,বাসস্ট্যান্ড, পৌর বাজার মোড়, দাদা মোড় ও ঘোষপাড়ায় এখন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত আটটা পর্যন্ত এসব দোকানে বিভিন্ন প্রকার ভাপা পিঠাসহ শীতের পিঠা তৈরিসহ দোকান বসেছে। এতে এক শ্রেণির মানুষ পিঠা বিক্রি করে শীতে বেশ আয়ও করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights