কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী বিশাল সমাবেশ ও গণমিছিলে উৎসবমুখর জেলা শহর
কুড়িগ্রাম প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে ধানের শীষ মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ, সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “জামায়াতের আমির যখন যেটা সুবিধা মনে করেন, সেই পথ দিয়েই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্মই হতো না, বাংলাদেশের মাটিতে তারা রাজনীতি করার সুযোগ পেত না। বেগম খালেদা জিয়া না থাকলে তারা কখনো মন্ত্রীত্বের স্বাদ পেত না। অথচ তাদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই।”
জামায়াতের নারী-সংক্রান্ত অবস্থান তুলে ধরে রিজভী বলেন, “জামায়াতের আমির বলেছেন—মেয়েরা এমপি হতে পারবে, কিন্তু জামায়াতের আমির বা রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ সেই জামায়াতই বেগম খালেদা জিয়ার অধীনে থেকে মন্ত্রীত্ব করেছে।”
তিনি অভিযোগ করে বলেন, “তারা ক্ষমতায় এলে দেশে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস-আদালত কিংবা রাজনৈতিক দল—কোথাও ভালো কোনো পদ পাবে না।”
বিএনপির ওপর দমন-পীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপির ওপর দীর্ঘদিন ধরে অনেক নির্যাতন করা হয়েছে। ধানের শীষে ভোট দিয়ে জনগণ বিজয় নিশ্চিত করলে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ আরও জোরালো হবে।”
সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান নির্বাচনী মাঠে ৯ জন প্রার্থীর মধ্যে সোহেল হোসনাইন কায়কোবাদ একজন পরীক্ষিত, দক্ষ ও জনবান্ধব নেতা। তিনি মাটি ও মানুষের নেতা হিসেবে চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সোহেল হোসনাইন কায়কোবাদের কোনো বিকল্প নেই। ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে।”
সমাবেশ শেষে কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক, শ্রমজীবী, ব্যবসায়ী, নারী ও প্রবীণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম শহরের প্রধান সড়কগুলো।
মিছিলটি জেলা বিএনপি কার্যালয় এলাকা থেকে শুরু হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিজুড়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
সমাবেশ ও গণমিছিলে বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ওমর ফারুক, আবুবকর সিদ্দিক, পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ, মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
