কুড়িগ্রামে নিজ মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবার বিরুদ্ধে বিক্ষোভ
।। কুড়িগ্রাম প্রতিনিধি ।।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজের বিবাহিত মেয়েকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার আবুল কাশেম। অভিযোগ জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৭ জুন) বিকেলে কান্তার মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বেলাল উদ্দিন ব্যাপারি, কদম আলী, আমিনুল ইসলাম, শাহআলমসহ অনেকে। বক্তারা বলেন, দ্রুত মামলা গ্রহণ করে অভিযুক্ত কাশেম আলীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাশেম তার বিবাহিত কন্যাকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে আসার পর জোরপূর্বক যৌন হয়রানি করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিষয়টি গত বৃহস্পতিবার জানাজানি হলে কাশেম এলাকা ছেড়ে পালিয়ে যান।
ভুক্তভোগী মেয়েটি জানায়, “আমার বাবা আমাকে জোর করে যৌন হয়রানি করেছে। আমি বাধা দিয়ে বলি—বাবা হয়ে আপনি কিভাবে এমন কাজ করতে পারেন? আপনার ইচ্ছে হলে আরও একটি বিয়ে করুন, কিন্তু আমার সঙ্গে এমন খারাপ কাজ করবেন না। তাও তিনি আমার ইজ্জতের ক্ষতি করেছেন। আমি তার বিচার চাই, আমি তার ফাঁসি চাই।”
এ বিষয়ে কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, “ঘটনার সত্যতা পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
