কুড়িগ্রামে স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে মাছ ও মাংস বিক্রি

কুড়িগ্রাম প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী স্বল্পমূল্যে মাছ ও মাংস বিক্রির উদ্যোগে নিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। আর তার এ উদ্যোগে বর্তমানে প্রতি কেজি মাছ ৮০ টাকা ও গরুর মাংস ৬০০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। উপজেলা প্রশাসনের সহায়তায় জেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় স্বল্প আয়ের মানুষের জন্য পর্যায়ক্রমে এই মাছ-মাংস বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ দুপুরে জেলা প্রশাসক কর্তৃক এ স্বল্পমূল্যে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিনহাজুল ইসলাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আবদুল খালেক ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল গফুর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনমজুর দেলোয়ার হোসেন কম দামে কিনতে পেরে জানান, রমজান মাসের এই এক সপ্তাহে মাত্র একদিন ১শ টাকা দিয়ে ছোট্ট বৈরালী মাছ কিনে পরিবারের ৭ জন সদস্য খেয়েছিলেন। আজ খুশি মাত্র ৮০ টাকায় এক কেজি মাছ কিনে পরিবারের মানুষদের মুখে একটু বড় মাছের স্বাদ তুলে দিতে পারবেন। সদর উপজেলার ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পাড়ের যাত্রাপুর ইউনিয়ন যেখানে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও গঙ্গাধর নদ-নদী প্রবাহিত। ১৪-১৫টি চর রয়েছে এখানে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বয়লার মুরগি, মাছ, মাংসসহ নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বেড়ে যাওয়ায় চরাঞ্চলের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষরা অসহায় হয়ে পড়েছে। মাছ ও মাংস কেনা অনেকের সাধ্যের বাইরে চলে গেছে। কুড়িগ্রাম জেলার স্বল্প আয়ের মানুষরা যাতে এই রমজান মাসে একটু মাছ ও মাংস খেতে পারেন এ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহম্মদ সাইদুল আরীফ। জেলার প্রতিটি উপজেলায় প্রত্যন্ত এলাকায় স্বল্প আয়ের প্রায় কয়েকশ মানুষদের জন্য এই মাছ ও মাংসের বিক্রির ব্যবস্থা করেছেন পুরো রমজান মাস।

যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবদুল গফুর জানান, রমজান মাস উপলক্ষ্যে জেলা প্রশাসনের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের মাঝে ৮০ টাকা কেজি দরে মাছ ও ৬শ টাকা দরে গরুর মাংস বিক্রির উদ্যোগকে তার এলাকার স্বল্প আয়ের মানুষরা দারুণ খুশি। আগামীতে ব্রয়লার মুরগির মাংস বিক্রির উদ্যোগ নিলে আরো ভালো হবে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কুড়িগ্রাম জেলার স্বল্প আয়ের মানুষরাও যেন রমজান মাসে একটু কম দামে মাছ মাংস খেতে পারে তার জন্য এ ব্যবস্থা। সব উপজেলায় পর্যায়ক্রমে স্বল্প দামে মাছ ও মাংসের বিক্রির ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights