কুমিল্লায় আজ ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন প্রাণিসম্পদ মন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি
সারাদেশে ডিজিটাল কৃষি সেবাকে আরও বেগবান করার অংশ হিসেবে কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে আজ শুক্রবার (১৭ এপ্রিল)। সকাল ১০টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার হাই স্কুল মাঠে এই কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কার্ড বিতরণ করবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে এই কর্মসূচির উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আজ কুমিল্লার প্রান্তিক কৃষকদের এই বিশেষ ডাটাবেজ কার্ডের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি প্রণোদনা, ঋণ সুবিধা এবং ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মেদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।
