কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা রেলস্টেশনের শাসনগাছা এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) ও তার নাতনি জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী আক্তার (১৪)।

নিহতদের স্বজন জোহরা বেগম জানান, জোসনা বেগম ও চাঁদনী সম্পর্কে দাদি-নাতনি। তারা মুরাদনগর থেকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান।

কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ জানান, সন্ধ্যায় শাসনগাছা এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights