কুয়াকাটা সৈকতে মিললো বিরল প্রজাতির কচ্ছপ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটার সৈকতে এবার জীবিত অবস্থায় ভেসে এলো বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ। এটির ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি। শনিবার সকালে গভীর সমুদ্র থেকে জোয়ারের সময় মা কচ্ছপটি জিরো পয়েন্টের পূর্বদিকে ডিসি পয়েন্ট সংলগ্ন সৈকতে ভেসে আসে।
অনেকর ধারণা, এ কচ্ছপটি ডিম পাড়ার উদ্দেশ্যে উপকূলের কাছাকাছি এসেছিল। তবে উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী, কচ্ছপটি স্বাভাবিকের তুলনায় অনেক দুর্বল অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে সাইফুল ইসলাম নামের এক ফটোগ্রাফার জীবিত এই কচ্ছপটিকে দেখতে পান। খবর পেয়ে কুয়াকাটা পরিবেশ রক্ষা আন্দোলনের উপরা’র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা শুরু করে। পরে তারা বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেন।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরা’র আহ্বায়ক কেএম বাচ্চু জানান, কচ্ছপটি বেশ দুর্বল ও ক্লান্ত অবস্থায় পাওয়া গেছে। সমুদ্রে মাছ ধরার জালে আটকে গিয়ে আঘাত পাওয়া, দীর্ঘ সময় পানির বাইরে থাকা কিংবা প্লাস্টিক বর্জ্য খাওয়ার কারণেও এমন পরিস্থিতি হতে পারে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরা’র যুগ্ন আহবায়ক আবুল হোসেন রাজু জানান, অলিভ রিডলি কচ্ছপ, ডলফিন ও তিমিসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণি প্রায়ই জীবিত, আহত কিংবা মৃত অবস্থায় উপকূলের বিভিন্ন সৈকতে ভেসে আসে। তবে এসব ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তারা মৃত সামুদ্রিক প্রাণিগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধানে বৈজ্ঞানিক গবেষণা ও ময়না তদন্তের দাবি জানান।
কুয়াকাটা বন বিভাগের ক্যাম্প কর্মকর্তা মো. রুবেল বলেন, স্থানীয়দের দ্রুত তথ্য দেওয়ার কারণে কচ্ছপটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে কচ্ছপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। সুস্থ হওয়ার পর নিরাপদ পরিবেশে সমুদ্রে অবমুক্ত করা হবে।
