কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে বিপুল মাদক ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জহুরুল হক (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটক জহুরুল হক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার আদম আলী বিশ্বাসের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বহলবাড়িয়া এলাকায় রূপপুর থেকে কুষ্টিয়াগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজি চালক জহুরুল হকের কাছ থেকে ৬৯ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি সিএনজি ও নগদ ৭৮০ টাকা জব্দ করা হয়।

পরে আটক জহুরুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির টহল দল রংমহল মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights