কেউ এমবাপ্পেকে দলে চায় না, বিস্ফোরক মন্তব্য ডি’আলেসান্দ্রোর

অনলাইন ডেস্ক

আবারও আলোচনার কেন্দ্রে কিলিয়ান এমবাপ্পে। এবার তাকে নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক লা লিগা গোলরক্ষক হোর্হে ডি’আলেসান্দ্রো। এমনকি সুযোগ পেলে এমবাপ্পেকে বিক্রি করে আর্লিং হালান্ডকে দলে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান এল চিরিঙ্গুইতো-তে হাজির হয়ে ডি’আলেসান্দ্রো দাবি করেন, এমবাপ্পে তার ক্যারিয়ারে যেসব কোচের অধীনে খেলেছেন, তাদের অধিকাংশের সঙ্গেই সম্পর্ক ভালো ছিল না।

তার ভাষায়, ‘এমবাপ্পে আটজন কোচের সঙ্গে কাজ করেছে এবং প্রায় সবার সঙ্গেই কোনো না কোনো সমস্যা হয়েছে। আমার মনে হয়, জোসে মরিনহোই হয়তো একমাত্র কোচ, যে তাকে সামলাতে পারবে।’

এ সময় রিয়াল মাদ্রিদ-এর আক্রমণভাগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, এমবাপ্পেকে ঘিরে কীভাবে দল সাজানো হবে, সেটিই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়।

ডি’আলেসান্দ্রো বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র কি সত্যিই এমবাপ্পের জন্য আদর্শ সঙ্গী? তার পাশে তো এখন আর লিওনেল মেসি, নেইমার কিংবা উসমান দেম্বেলেদের মতো খেলোয়াড় নেই। তাই তাকে ঘিরে কেমন দল গড়া উচিত, সেটাই বড় প্রশ্ন।’

রিয়ালের আক্রমণভাগ নিয়ে নিজের সংশয় আরও স্পষ্ট করে তিনি বলেন,
‘রদ্রিগো না থাকলে ব্রাহিম দিয়াজ-এর পাশে কে খেলবে? আমি ব্রাহিমকে সম্মান করি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও সম্মান করি। কিন্তু এমবাপ্পের সঙ্গে কোন ধরনের খেলোয়াড় সবচেয়ে মানানসই, সেটিই এখন বড় প্রশ্ন।’

অনুষ্ঠানের উপস্থাপক মজা করে জানতে চান, তিনি কোচ হলে কি অনেক আগেই এমবাপ্পেকে বাদ দিতেন? জবাবে ডি’আলেসান্দ্রো সরাসরি বলেন, ‘না, আমি বরং হালান্ডকে দলে নিতাম।’

এরপর আরও বিস্ফোরক মন্তব্য করেন সাবেক এই গোলরক্ষক। তিনি বলেন, ‘যদি সত্যিই কেউ এমবাপ্পেকে কিনতে চায়, তাহলে আমি বিক্রি করতে রাজি। কিন্তু বাস্তবতা হলো- কেউ এমবাপ্পেকে চায় না।’

সবশেষে তিনি জানান, শুধুমাত্র তারকাখ্যাতি নয়, বরং দলীয় ভারসাম্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে, রিয়ালের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নির্ভরযোগ্য একজন খেলোয়াড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights