কেন বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি?
অনলাইন ডেস্ক
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। ছয় দিনের এই কর্মসূচি স্থানীয় সময় শনিবার সকালে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
কিন্তু বাবার শেষ শ্রদ্ধা ও জানাজায় প্রকাশ্যে অংশ নিচ্ছেন না দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এমনটি জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি। তিনি বলেন, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মোজতবা খামেনি তার বাবার জানাজা-দাফনকে কেন্দ্র করে আয়োজিত শোকানুষ্ঠানে যোগ দেবেন না।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। শোকানুষ্ঠানে না থাকার কারণ হিসেবে এসলামি আল-জাজিরাকে বলেন, “এই মুহূর্তে ইরানিদের এবং নতুন সর্বোচ্চ নেতার প্রতি ইসরায়েলিদের আগ্রাসন নিয়ে অনেক উদ্বেগ রয়েছে।”
তিনি আরও বলেন, “ইসরায়েলিদের সম্পর্কে আমরা যা জানি তা হলো, তারা আন্তর্জাতিক আইনের কোনও আচরণবিধিকে সম্মান করে না এবং প্রকাশ্যে ইরানে যেকোনও ধরনের অভিযান চালানোর হুমকি দেয়।”
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির লক্ষ্যে চলমান আলোচনা বানচালে ইসরায়েলের ষড়যন্ত্রের কথাও তুলে ধরেন এই গবেষক। তিনি বলেন, “ইরানি ও আমেরিকানদের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তিটি বানচাল করতে চায় ইসরায়েল। তারা আবারও ইরানে আগ্রাসন চালাতে চায়। আমিও মনে করি, নতুন সর্বোচ্চ নেতার জন্য এই ধরনের অনুষ্ঠানে প্রকাশ্যে যোগ দেওয়ার এটি সঠিক সময় নয়।” সূত্র: আল-জাজিরা
