কেন রানটি নিলেন না মিলার, ভুল সিদ্ধান্তেই হার?

স্পোর্টস ডেস্ক
দারুণ এক রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত ১ রানে হেরে গেল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন, কেন শেষের আগের বলে সিঙ্গল নিলেন না ডেভিড মিলার?

গুজরাট টাইটান্সের বিপক্ষে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ম্যাচ পুরোপুরি দিল্লির নাগালে নিয়ে এসেছিলেন মিলার। লোকেশ রাহুল আউট হওয়ার পর ৩ ওভারে প্রয়োজন ছিল ৪৫ রান। তখনও কঠিন সমীকরণ, কিন্তু শেষের দিকে মিলারের ঝড়ো ব্যাটিং ম্যাচ ঘুরিয়ে দেয়।

১৯তম ওভারে মোহাম্মদ সিরাজের বলে টানা বাউন্ডারি ও ছক্কায় ২৩ রান তুলে নেন তিনি। ফলে শেষ ওভারে দরকার দাঁড়ায় ১৩ রান।

শেষ ওভারে নাটক আরও জমে ওঠে। প্রাসিধ কৃষ্ণার প্রথম বলে বাউন্ডারি, কিন্তু পরের বলেই উইকেট। এরপর কুলদীপ যাদব সিঙ্গল নিয়ে স্ট্রাইক দেন মিলারকে। চতুর্থ বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ প্রায় জিতিয়েই ফেলেছিলেন তিনি। সমীকরণ দাঁড়ায় ২ বলে ২ রান।

কিন্তু পঞ্চম বলেই ঘটে মোড় ঘোরানো ঘটনা। শর্ট বলটি লেগ সাইডে ঠেলে সহজেই সিঙ্গল নেওয়া যেত। কুলদীপ দৌড় শুরু করেছিলেন, কিন্তু মিলার তাকে ফিরিয়ে দেন। নিজের ওপর ভরসা রেখে শেষ বল খেলতে চেয়েছিলেন তিনি।

শেষ বলটি ছিল স্লোয়ার শর্ট ডেলিভারি। মিলার টাইমিং করতে ব্যর্থ হন। রান নিতে গিয়ে রান আউট হন কুলদীপ। গুজরাট জিতে যায় ১ রানে।

ম্যাচ শেষে হতাশ মিলারকে ঘিরে সতীর্থদের সান্ত্বনা দিতে দেখা যায়। তবুও তার মুখে স্পষ্ট ছিল আক্ষেপ—হয়তো ভাবছিলেন, সেই সিঙ্গলটি নিলে অন্তত ম্যাচ টাই হতো।

ক্রিকেট বিশ্লেষকরাও একমত—এখানেই ভুল হয়েছে। ডেল স্টেইন মনে করেন, আগে ম্যাচ টাই করা নিশ্চিত করা উচিত ছিল। একই মত দিয়েছেন আম্বাতি রায়ডু।

এই হারে তিন ম্যাচে প্রথমবার হারল দিল্লি, আর গুজরাট পেল তাদের প্রথম জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights