কেরানীগঞ্জে অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার করেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত সিসা বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করা হতো। কারখানার কারণে এলাকায় মারাত্মক পরিবেশদূষণ সৃষ্টি হচ্ছিল এবং বিষক্রিয়ায় গবাদিপশুর মৃত্যুর অভিযোগও পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এর আগেও কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে আবারও কার্যক্রম চালানো হচ্ছিল।

খবর পেয়ে শুক্রবার রাতে পুনরায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক্সকাভেটরের মাধ্যমে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। মালিক ও শ্রমিকদের কাউকে না পাওয়ায় কারখানার মালামাল জব্দ করে তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এসব সিসা গলানোর কারখানা গড়ে উঠেছে। নষ্ট ব্যাটারি ও ধাতব বর্জ্য গলানোর সময় সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় স্থানীয় মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। পাশাপাশি ফসলি জমি, পরিবেশ ও গবাদিপশুও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights