কোটালীপাড়ায় জমজমাট সরস্বতী প্রতিমার হাট, ২৫ স্থানে চলছে কেনাবেচা

গোপালগঞ্জ প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিদ্যা, জ্ঞান, বাণী ও সুরের দেবী সরস্বতী। সেই দেবীর পূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে উপজেলার অন্তত ২৫টি স্থানে বসেছে সরস্বতী প্রতিমা বিক্রির হাট। ঘাঘর বাজার, কালিগঞ্জ, পীড়ারবাড়ী, কান্দি, ধারাবাশাইল, শুয়াগ্রাম, চৌধূরীর হাট, রামশীল, জহরেরকান্দি, ওয়াপদার হাট, নৈয়ারবাড়ি, রাধাগঞ্জ, ভাঙ্গার হাট, মনোহর মার্কেট, পশ্চিমপাড়, রাজাপুর, কুশলা, লাখিরপাড়সহ বিভিন্ন হাটে এখন ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। এসব হাট থেকে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী প্রতিমা কিনে নিয়ে ঘরে ঘরে ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন করছেন।

ঘাঘর বাজারের প্রতিমা বিক্রেতা অজিত পাল বলেন, কোটালীপাড়ার অন্তত ২৫টি স্থানে শতবছর ধরে সরস্বতী প্রতিমার হাট বসে আসছে। আমাদের পূর্বপুরুষরাও এসব হাটে প্রতিমা বিক্রি করতেন। আমরাও সেই ধারাবাহিকতায় প্রতিমা তৈরি করে বিক্রি করছি। প্রতিমা বিক্রির আয় দিয়েই আমাদের সংসার চলে।

তিনি আরও বলেন, এ অঞ্চলের সনাতন ধর্মের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে সরস্বতী পূজা করে থাকে। সে কারণে প্রতিটি হাটেই প্রতিমার ব্যাপক চাহিদা রয়েছে। এসব হাটে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন আকারের প্রতিমা বিক্রি হচ্ছে।

পশ্চিমপাড় এলাকার বাসিন্দা নির্ঝর চক্রবর্তী বলেন, প্রতিবছর আমাদের বাড়িতে সরস্বতী পূজা করি। এ বছরও ঘাঘর বাজার থেকে ২ হাজার টাকায় একটি প্রতিমা কিনেছি।

মাদ্রা–রাধাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সম্পদ বিশ্বাস বলেন, বিদ্যা লাভের আশায় আমরা দেবী সরস্বতীর পূজা করে থাকি। প্রতিবছরের মতো এ বছরও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়েছে। রাধাগঞ্জ বাজার থেকে ৩ হাজার টাকায় একটি প্রতিমা কেনা হয়েছে।

কোটালীপাড়া শিল্পকলা একাডেমির শিক্ষক সজল বালা বলেন, প্রতিবছর কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে সরস্বতী পূজা হয়। এ পূজাকে কেন্দ্র করে ৪–৫ দিন আগে থেকেই উপজেলার প্রায় ২০ থেকে ২৫টি স্থানে প্রতিমার হাট বসে। উৎসবমুখর পরিবেশে ক্রেতা-বিক্রেতারা কেনাকাটা করেন। আমি বিশ্বাস করি, কোটালীপাড়ার এই ঐতিহ্যবাহী প্রতিমার হাটগুলো আরও বহু বছর টিকে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights