কোপার আগে ৪ ম্যাচ খেলবে ব্রাজিল

অনলাইন ডেস্ক
সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সর্বশেষ চার ম্যাচের তিনটিতে হার ও একটি ড্র নিয়ে বিপর্যস্ত সেলেসাও শিবির। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ছয় নম্বরে নেমে গেছে। তবুও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চ কোপা আমেরিকায় তারা নতুন উদ্যমে নামতে চায়।

সে লক্ষ্যে আগামী জুনে টুর্নামেন্ট শুরুর আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এছাড়া বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে মার্চে তারা প্রীতি ম্যাচের সূচিও ঠিক করেছে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এসব ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে। জুনে দু’টি প্রস্তুতি ম্যাচে ব্রাজিল লড়বে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর বিপক্ষে। এর আগে ২৩ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে সাম্বাবয়দের প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর ২৬ মার্চ মাদ্রিদে অন্য প্রস্তুতি ম্যাচে ব্রাজিল স্পেনের মুখোমুখি হবে।
সূচি ঘোষণার আগে মাঠের ব্যর্থতার সঙ্গে ব্রাজিল শিবিরে নতুন দুঃসংবাদ যুক্ত করেছেন দলের প্রধান তারকা নেইমার জুনিয়র। কোপা আমেরিকা থেকে তার ছিটকে যাওয়ার খবর জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। নেইমারকে হারিয়ে কোপা আমেরিকার আগে ব্রাজিল পুরোনো ছন্দে ফিরতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights