কোহলির ৩০০তম ম‍্যাচের সাক্ষী হতে দুবাইয়ে আনুশকা

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলকের সামনে বিরাট কোহলি। রবিবার (২ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০তম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করবেন বিশ্ব ক্রিকেটের এই তারকা খেলোয়াড়। কোহলির ৩০০তম ম্যাচে উপস্থিত থাকবেন তার স্ত্রী এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। থাকবেন পরিবারের আরও একজন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের কম সময়ের বিদেশ সফরে পরিবারকে নিয়ে যেতে পারেন না ক্রিকেটারেরা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে পরিবারকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বিসিসিআই। সেই মতো ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে দুবাই যাচ্ছেন অনুষ্কা। কোহলির ৩০০তম এক দিনের ম্যাচে গ্যালারিতে থাকবেন তার দাদা বিকাশ কোহলিও। তিনিও আনুশকার সঙ্গে দুবাই যাবেন আজ।

আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরানের ইনিংস খেলেছেন কোহলি। বেশ কিছু দিন পর তাকে চেনা মেজাজে দেখা গিয়েছে। এক দিনের ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। সব চেয়ে কম ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন। ভেঙে দিয়েছেন শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড। স্বাভাবিক ভাবেই কোহলির ৩০০তম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। রবিবার ম্যাচ যারা জিতবে, তারা গ্রুপের এক নম্বর দল হিসাবে শেষ করবে। তবে এই ম্যাচের মূল আকর্ষণ কোহলিই। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights