ক্রেতা কম, হতাশ বিক্রেতা

রফিকুল ইসলাম রনি

ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন নগর-মহানগর, জেলা-উপজেলার হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশ বিক্রেতারা। রাজধানীসহ বিভিন্ন জেলার হাট ঘুরে দেখা গেছে, গরু-ছাগলের সরবরাহ পর্যাপ্ত। তবে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। বিক্রিও কম। ক্রেতাদের ঝোঁক ছোট ও মাঝারি গরুর দিকে। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার পশুখাদ্য, পরিবহন ও লালন-পালনের খরচ অনেক বেড়েছে। সে অনুযায়ী দাম চাইলেও ক্রেতারা কম দামে পশু কিনতে চাইছেন। অনেকে শুধু হাট ঘুরে দাম যাচাই করে চলে যাচ্ছেন।

ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়া, ময়মনসিংহ, বরিশালসহ বিভিন্ন অঞ্চলের পশুর হাটে একই চিত্র দেখা গেছে। কেউ কেউ অভিযোগ করেছেন, অতিরিক্ত হাসিল, দালালদের দৌরাত্ম্য ও বৈরী আবহাওয়ার কারণেও বাজারে মন্দাভাব তৈরি হয়েছে। ক্রেতাদের ভাষ্য, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে অনেক পরিবার আগের মতো বড় বাজেটে কোরবানি দিতে পারছে না। বিক্রেতাদের আশা, ঈদের আগের দুই দিনে ক্রেতা বাড়বে এবং জমে উঠবে বেচাকেনা।

রাজধানীর গাবতলীর স্থায়ী পশুর হাট, উত্তরা দিয়াবাড়ী, শাহজাহানপুর, কমলাপুর, তেজগাঁও পলিটেকনিক মাঠসংলগ্ম হাট, পূর্ব হাজিপড়া ইকরা মাঠসহ বিভিন্ন হাটে কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, নাটোর, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ থেকে ট্রাকে করে গরু-মহিষ এসেছে গতকাল। বিশাল আকৃতির দেশি গরুগুলো দর্শনার্থীদের নজরও কাড়ছে।

ঈদুল আজহাতেজগাঁও পলিটেকনিক-সংলগ্ম হাটে গিয়ে দেখা যায়, খুঁটির সঙ্গে সারি সারি গরু বাঁধা রয়েছে। ক্রেতা কম। সিরাজগঞ্জ থেকে আসা বেপারী সাইফুল আলম জানান, ক্রেতার অপেক্ষায় আছি। দু-এক দিন পর ক্রেতা বেশি পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। পূর্ব হাজিপাড়ার ইকরা মাঠের হাটে গরু নিয়ে এসেছেন জামালপুরের আব্বাস আলী। বলেন, ক্রেতারা আসছেন। দেখছেন। দরদাম করছেন। তবে বিক্রি কম। দু-এক দিনের মধ্যে হাট জমে উঠবে বলে আশা তার।

সিলেটে এখনো জমে ওঠেনি পশুর হাট : সিলেট থেকে শাহ্ দিদার আলম চৌধুরী নবেল জানান, অন্য বছরের তুলনায় এবার পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম। সিলেট মহানগরীতে এবার একটি স্থায়ী ও পাঁচটি অস্থায়ী হাট ইজারা দিয়েছে সিটি করপোরেশন। এগুলোতে এখনো কাক্সিক্ষত কেনাবেচা শুরু হয়নি। ধারণা করা হচ্ছে আজকালের মধ্যে পুরোদমে জমে উঠতে পারে হাট।

রংপুরে ক্রেতার চেয়ে পশুর সংখ্যা বেশি : নজরুল ইসলাম মৃধা জানান, অনেক হাটে ক্রেতার চেয়ে পশুর সংখ্যা বেশি। তবে শেষ সময়ে বেচাকেনা জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা।

রাজশাহীতে খামারমুখী ক্রেতা : কাজী শাহেদ জানান, রাজশাহীর হাটগুলো জমতে শুরু করেছে। তবে হাটে ভিড় বেশি হলেও বিক্রি হচ্ছে কম। দাম বেশি হওয়ায় ক্রেতাদের বড় একটি অংশ এবার খামারমুখী হচ্ছেন। হাটের ভিড়, দালালের উৎপাত, অতিরিক্ত হাসিল আদায় ও হয়রানি এড়াতে অনেকেই সরাসরি খামারে গিয়ে গরু কিনছেন।

পশুর হাট জমে উঠেছে বগুড়ায় : আবদুর রহমান টুলু জানান, বগুড়ায় জমে উঠেছে পশুর হাট। জেলার ছোট-বড় প্রায় শতাধিক হাটে চলছে জমজমাট বেচাকেনা। তবে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হাসিলের নামে দ্বিগুণের চেয়েও বেশি চাঁদা আদায়। সরকার নির্ধারিত হারের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে জেলার প্রায় সব পশুর হাটে।

চট্টগ্রামে জমেনি বেচাকেনা : নাজিম উদ্দিন জানান, চট্টগ্রাম নগরীর হাটগুলোতে বিপুল সংখ্যক পশু উঠলেও বেচাকেনা এখনো জমে উঠেনি। সাগরিকা, বিবিরহাটসহ সব কটি হাটে বেপারীরা নিয়ে এসেছেন বিপুল সংখ্যক পশু। ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন, গত বছরের চেয়ে এবার দাম কিছুটা বাড়তি।

খুলনায় মাঝারি আকারের গরুর চাহিদা বেশি : সামছুজ্জামান শাহীন জানান, পশুর হাটগুলোতে মাঝারি আকৃতির দেশি গরুর চাহিদা সবচেয়ে বেশি। খুলনা বিভাগের ১০ জেলায় এবার ১৭০টি স্থায়ী-অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে।

ময়মনসিংহের হাটে হতাশ খামারিরা : সৈয়দ নোমান জানান, ময়মনসিংহজুড়ে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। তবে হাটে পশুর সরবরাহ বাড়লেও তুলনামূলক কম ক্রেতা থাকায় হতাশ খামারিরা।

বরিশালে আজ থেকে জমে উঠবে হাট : সাইদ মেমন জানান, বরিশাল নগরীতে পশু বিক্রির হাট তেমন জমে ওঠেনি। আজ সোমবার থেকে হাট শুরু হলে বেচাবিক্রি হবে বলে জানিয়েছেন ইজারাদাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights