ক্লাব বিশ্বকাপের যৌক্তিকতা দেখছেন না লা লিগা সভাপতি

অনলাইন ডেস্ক
বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজনের কোনো যৌক্তিকতা দেখছেন না লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ফুটবল ক্যালেন্ডার থেকে এই টুর্নামেন্টকে বাদ দেওয়া উচিত বলে মনে করছেন তিনি।

আগে থেকেই নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের সমালোচনা করে আসছেন তেবাস। গত সপ্তাহে তিনি বলেছিলেন, এই টুর্নামেন্টটি ‘সম্পূর্ণ অযৌক্তিক।’ টুর্নামেন্টে গত সোমবার লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে চেলসির ২-০ গোলে জয়ের ম্যাচ ২৫ মিনিট দেখার পর তার মনে হয়েছে, এটি যেন কোনো প্রীতি ম্যাচ।

ভবিষ্যতে ক্লাব বিশ্বকাপ আয়োজনে ফিফা কীভাবে আরও ভালো কাজ করতে পারে- এক অনুষ্ঠানে এমন প্রশ্নে তেবাস বলেন, “এটিকে বাদ দিয়ে। আমার লক্ষ্য হলো আর কোনো ক্লাব বিশ্বকাপ থাকবে না, এ বিষয়ে আমি খুব পরিষ্কার। এর কোনো জায়গা নেই। এই মডেলটি ঘরোয়া লিগগুলোর পরিবেশকে প্রভাবিত করে, বিশেষ করে ইউরোপে।”

ক্লাব বিশ্বকাপকে আগের মতোই রাখা উচিত বলে মনে করেন ৬২ বছর বয়সী তেবাস। তিনি জানান, “আমাদের যে পরিবেশ আছে, তা বজায় রাখতে হবে এবং এটিকে বাদ দিতে হবে। (ক্লাব বিশ্বকাপ) আগের মতোই রাখতে হবে, যখন এটি মূলত এক সপ্তাহ ধরে খেলা হতো।”

ক্লাব বিশ্বকাপে কোনো ম্যাচ দেখেছেন কিনা, এমন প্রশ্নে তেবাসের উত্তর, “চেলসির ম্যাচটি কিছুটা দেখেছি এবং এটিকে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচের মতো মনে হচ্ছিল। কোনো তীব্রতা দেখতে পাইনি, অন্তত ২৫ মিনিট ধরে আমি যা দেখেছি।”

আটলান্টায় এ দিন ৭১ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল কেবল ২২ হাজার ১৩৭ জন। প্রায় ৫০ হাজারের মতো আসন ফাঁকা থাকা নিয়ে চেলসি কোচ এন্টসো মারেস্কা বলেন, “আমার মনে হয় পরিবেশটা কিছুটা অদ্ভুত ছিল, স্টেডিয়াম প্রায় খালি ছিল, পূর্ণ ছিল না।”

এবারই প্রথম ৩২ দল নিয়ে হচ্ছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রেরমাসব্যাপী আসরটি শুরু হয়েছে গত শনিবার। ফাইনাল হবে আগামী ১৩ জুলাই। এবার স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে খেলছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। প্রতি চার বছর পরপর হবে এই টুর্নামেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights