খড়-খেজুর পাতার পণ্যে স্বাবলম্বী শত শত পরিবার

মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা

সাতক্ষীরার খেজুরের পাতা, কাশফুলের গাছ ও খড় দিয়ে তৈরি পণ্য বিশ্ব জয় করেছে। জেলার গোপীনাথপুর গ্রামের নারীদের হাতে তৈরি নান্দনিক পণ্যসামগ্রী রপ্তানি হচ্ছে জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা, পেরু, আমেরিকাসহ অন্তত ২৫টি দেশে। এসব পণ্যের মধ্যে রয়েছে শপিং বাস্কেট, রাউন্ড বাস্কেট, শ্রাবণী ঢাকনা বাস্কেট, স্কয়ার বাস্কেট, মিনি বাস্কেট, বালতি, সোর্ড, ওয়েস্ট বাস্কেট, মিরা, ডালি, টেবিলম্যাট ও রাউন্ডম্যাট। এ জেলা থেকে বছরে ২৮ থেকে ৩০ কনটেইনার খড় ও খেজুর পাতার পণ্য রপ্তানি হয়ে থাকে। যার মূল্য ২৫ থেকে ২৬ কোটি টাকা। এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, তেমনি অর্থনৈতিক সুবিধা পাচ্ছে জেলার শত শত পরিবার। জানা গেছে, গোপীনাথপুর গ্রামের প্রায় ৫০ শতাংশ নারী হস্তশিল্পের সঙ্গে জড়িত। তারা সংসারের কাজের পাশাপাশি দৃষ্টিনন্দন বিভিন্ন পণ্যসামগ্রী তৈরি করেন। এ গ্রামের গৃহবধূ মিনতি রানী সরকার, রিক্তা সরকার, সন্ধ্যা রানী সরকার জানান, তারা ১৫ বছর ধরে গৃহস্থালির কাজে ও ভবনের শোভাবর্ধনকারী ১০ থেকে ১৫ প্রকারের পণ্যসামগ্রী তৈরি করেন। তারা এসব পণ্য সাতক্ষীরার ‘ঋশিল্পী ইন্টারন্যাশনাল’র কাছে বিক্রি করেন। এর মাধ্যমে প্রতি মাসে তারা ৬ থেকে ৭ হাজার টাকা উপার্জন করে থাকেন। তাতে ভালোভাবে তাদের সংসার চলে যায়। প্রতিষ্ঠানটি এসব পণ্য ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করে। সাতক্ষীরা মহিলা-বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক এ কে এম শফিউল আযম জানান, প্রান্তিক নারীদের স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে। অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে এ জেলায়। গোপীনাথপুর গ্রামের শত শথ নারী খড় ও খেজুর পণ্য তৈরি করে স্বাবলম্বী হয়েছেন। সাংসারিক কাজকর্ম সামলেও এ হস্তশিল্পের মাধ্যমে একেকজন নারী মাসে ৭ থেকে ৮ হাজার টাকা ঘরে বসে উপার্জন করছেন। ঋশিল্পী ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মুন্সি খায়রুল ইসলাম জানান, তাদের প্রতিষ্ঠানটি স্থানীয় নারীদের কাছ থেকে শৈল্পিক বিভিন্ন ডিজাইনের পণ্য সংগ্রহ করে বিশ্ববাজারে রপ্তানি করে আসছে দুই দশক ধরে। আমেরিকা, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা জার্মানি, ইতালি, স্পেনসহ ২৫ থেকে ৩০টি দেশে এসব পণ্যসামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। বছরে প্রায় ৩০ কনটেইনার পণ্য রপ্তানি হয়ে থাকে। যার মূল্য ২৫ থেকে ২৬ কোটি টাকা। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির জানান, জাতীয় অর্থনীতিতে সাতক্ষীরার খড় ও খেজুর পাতার তৈরি হস্তশিল্প অবদান রাখছে।

ঋশিল্পী ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় অনেক মানসম্পন্ন হস্তশিল্প পণ্য উৎপাদন করছেন নারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights