খাদ্য সংকট সেন্টমার্টিনে, লোকালয় প্লাবিত

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেড়েছে। এতে করে গলাচিপা, কোনাপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে এবং ঘাটে নোঙরকৃত পাঁচটি মাছ ধরার ট্রলার বিধ্বস্ত হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, হোটেল-মোটেলসহ বিএন স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

গত চার দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্যপণ্যের সংকট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাগরের পানির উচ্চতা বেড়ে বিভিন্ন এলাকায় পানি ঢুকেছে ও চারদিকে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, পরিস্থিতি গুরুতর হলে মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে এবং আবহাওয়া স্বাভাবিক হলে খাদ্যবাহী ট্রলার পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights