খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন

বিশেষ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। তাঁর ফুসফুসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সর্বোচ্চ পর্যায়ে সংকটাপন্ন একজন মানুষের জন্য সর্বোচ্চ যে চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা তাঁকে যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন। সেটি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স (সাড়া) করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ডা. শাহাবউদ্দিন তালুকদার তাঁর প্রেসনোটে জানান, দেশিবিদেশি মাল্টি ডিসিপ্লিনারি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাঁর চিকিৎসা দিয়ে আসছে। তাই কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবাই সহযোগিতা করুন। আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড ও তাঁর পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।’ গতকাল বেলা ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সন্ধ্যায় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে খালেদা জিয়ার হালনাগাদ শারীরিক অবস্থা তুলে ধরে জনানো হয়, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষানিরীক্ষায় তাঁর স্বাস্থ্যে বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ে। বিশেষ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ায় শুরুতে তাঁকে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাঁকে আরও উন্নত চিকিৎসা নিশ্চিতে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে স্থানান্তর করা হয় বলে মেডিকেল বোর্ড জানায়। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে তাঁর সার্বিক শারীরিক অগ্রগতির বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি বেগম খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির প্রেক্ষাপট বর্ণনা করে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভারসংক্রান্ত জটিলতা, কিডনিসংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা। যেগুলোর চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা খুবই আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবর্তী সময়ে হয়তো যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। এখনো এটা বলার সময় আসে নাই। দেশনেত্রী এবার যে শারীরিক সংকটময় অবস্থা অতিক্রম করছেন-সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারেন, সেজন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights