খালেদা জিয়ার নাইকো মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ

অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ নিয়ে আলোচিত এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য শেষ হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষ শুধু তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ জানুযারি) ঢাকার ৫ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্য দেন তারা। এ সময় খালেদা জিয়ার আইনজীবী মো. আমিনুল ইসলাম তাদের জেরা করেন। এদিন তাদের জেরা শেষ হয়।

তার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা হয়।

এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। ২০২৩ সালে ১৯ মার্চ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights