খাস্তগীর স্কুলের মাঠ বেচাকেনার অভিযোগ তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের জামালখান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জমি বেচাকেনার অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে বিদ্যালয়ে যায় দুদকের আভিযানিক দল।

জানা গেছে, ১৪৭ বছরের পুরনো ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ কাঠা জমির খেলার মাঠটি ২০০৬ সালে একটি পক্ষ মাত্র ৩ কোটি ৯৬ লাখ টাকায় ক্রয় করে। মাঠটি বিদ্যালয়ের সীমানার ভেতরে। এই মাঠে শিক্ষার্থীরা সারাবছর খেলাধুলা করে, অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই মাঠ নিয়ে মামলা আদালতে বিচারাধীন। সম্প্রতি কতিপয় ব্যক্তি মাঠটি তাদের নামে নামজারির জন্য ভূমি অফিসে আবেদন করে।

বাকলিয়া সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণা বলেন, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের জমি নিয়ে মামলা চলছে। মামলা চলাকালীন নামজারি হবে না। তারা আগেও ৪ বার নামজারির জন্য আবেদন করেছিল। প্রতিবারই খারিজ করা হয়েছে। এবারও খারিজ হবে।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জায়গা ক্রয়-বিক্রয়ে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষের কাগজপত্র যাচাই-বাচাই করা হয়েছে। সাব-রেজিস্ট্রার অফিসেও যাবে আভিযানিক দল।

প্রসঙ্গত, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের প্রাচীনতম প্রথম বালিকা বিদ্যালয়। প্রতি বছর পাবলিক পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে থাকা এই বিদ্যালয়টি ২০২৪ সালে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বিদ্যালয়’ হিসেবে নির্বাচিত হয়। ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারসহ দেশবরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights