খিলগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ঢামেক প্রতিনিধি
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় শিউলি আক্তার (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিউলি কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার সৈয়দ আহমদের মেয়ে।
এদিকে মৃতের ভাগ্নে নয়ন জানান, বনশ্রীর টেরফা গলির মিয়া বাড়ির একটি ভাড়া বাসা থেকে শিউলি আক্তারকে উদ্ধার করে রাত আনুমানিক ৩টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়ন আরও জানান, প্রায় ৪-৫ বছর আগে শিউলি আক্তার মুরগি ব্যবাসয়ী সিরাজ মিয়ার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে বনশ্রী এলাকায় বসবাস করছিলেন। তার আগের সংসারে দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে বড় মেয়ে বিবাহিত ও ছোট মেয়ে শিউলির সঙ্গে থাকতো। তবে ঘটনার দিন ছোট মেয়ে তার নানির সঙ্গে বেড়াতে যায়।
তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিরাজ মিয়া ফোন করে জানান, শিউলি আক্তার বাথরুমে ঝরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, শিউলির মরদেহ বিছানায় পড়ে আছে। ওই সময় সেখানে সিরাজ ও তার এক বন্ধু উপস্থিত ছিলেন।
পরে পুলিশ এসে সিরাজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। অন্যদিকে, স্বজনরা শিউলিকে হাসপাতালে নিয়ে যান।খালা আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে-তা পুলিশি তদন্তে জানা যাবে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহেটি ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।
