খুলনায় উচ্ছেদ অভিযানকালে পুলিশের সাথে সংঘর্ষ, আহত ২০

অনলাইন ডেস্ক

খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি।

গৃহায়ণ কর্তৃপক্ষ জানিয়েছে, মুজগুন্নির দুই একর এলাকার বাস্তুহারার মধ্যে প্রায় ২০০ পরিবার বসবাস করছে। ১৯৮৭ সালে এই জমি প্লট আকারে বিক্রি করা হলেও ৩৫ বছর পেরিয়ে গেলেও ৪২ প্লট মালিক এখনও তাদের জমি বুঝে পাননি। দীর্ঘ প্রক্রিয়া শেষে রবিবার সকালে প্লট মালিকদের জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

উচ্ছেদ অভিযান শুরু হতেই স্থানীয়রা টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করে। বাসিন্দারা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। অভিযানের সময় একাধিক বুলডোজার ভাঙা হয়েছে।

স্থানীয়রা দাবি করেছেন, পুনর্বাসনের ব্যবস্থা না হলে তারা উচ্ছেদ মেনে নেবেন না।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে। পুলিশের ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights