খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, খুলনা
বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরে খুলনার ফুলতলায় ছুরিকাঘাতে মো. সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুলতলা উপজেলার দামোদর স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির দামোদর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা হোসেনের ছেলে। তিনি ডিস লাইনের ওয়াইফাই সংযোগের কাজ করতেন।
এ ঘটনায় স্বাধীন (১৮) ও নিরব (১৮) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বন্ধুদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। এ সময় ধস্তাধস্তিতে আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ফুলতলা থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, বন্ধুদের মধ্যে বিরোধের জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়, এতে তিনি নিহত হন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
