খুলনায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, আটক ১১

অনলাইন ডেস্ক
খুলনায় যৌথবাহিনীর সঙ্গে কুখ্যাত সন্ত্রাসী কালা লাভলু বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মহানগরীর আরামবাগ এলাকার একটি বাড়িতে যৌথবাহিনীর অভিযানকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

এ সময় তিন পুলিশ সদস্য ও নৌবাহিনীর এক সদস্য এবং সন্ত্রাসী বাহিনীর দু’জন আহত হন। অভিযানে ১১ জন সন্ত্রাসীকে আটক ও পাঁচটি আগ্নেয়াস্ত্র, দেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ ও গ্রেফতারকৃতরা হলেন-কালা লাভলু, শেখ পলাশ, সৈকত, মহিদুল, রব্বানী, আরিফুল, রাজন, শরিফ, ইমরানুজ্জামান, রিপন ও ইমরান।

আরামবাগ এলাকার একটি বাড়িতে কালা লাভলুসহ সন্ত্রাসীরা গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান বলেন, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে আরামবাগ মসজিদের অপর পাশে একটি ভবনে কালা লাভলু সন্ত্রাসী বাহিনীর সদস্যরা গোপন বৈঠক করছেন। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথবাহিনী এসে ঘেরাও করে। আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেন। সন্ত্রাসীরা কিছুক্ষণ পর পর গুলি করছিলেন। সন্ত্রাসীরা গুলি করছিলেন আর অস্ত্র ও গুলি ফেলছিলেন। অনেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ১১ জনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights