খোররামশাহরসহ আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ফের ইরানের হামলা

অনলাইন ডেস্ক

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফা তেল শোধনাগারসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

আজ বৃহস্পতিবার ভোরে ‘অপারেশন ট্রু প্রমিজ ফোর’-এর আওতায় ৬৪তম ধাপের এই অভিযান শুরু করার কথা নিশ্চিত করেছে তেহরান। আইআরজিসির জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলীয় এলাকাগুলোই ছিল এই দফার মূল লক্ষ্যবস্তু। বিশেষ করে ইসরায়েলি শাসনের প্রধান সামরিক সরঞ্জাম সমাবেশ, অভিযান পরিচালনা ও লজিস্টিক সাপোর্টের কেন্দ্র হিসেবে পরিচিত বেন গুরিয়ন বিমানবন্দরকে এই হামলায় অচল করার চেষ্টা চালানো হয়েছে। পাশাপাশি হাইফার তেল শোধনাগার লক্ষ্য করে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এই অভিযানে আইআরজিসি তাদের উন্নত প্রযুক্তির কদর, ইমাদ এবং খায়বার শেকান ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নয়টি শক্তিশালী মাল্টি-ওয়ারহেড খোররামশাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

একই সাথে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটকেও মাঝারি পাল্লার তরল ও কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দফায় চলমান এই সংঘাতের কারণে বর্তমানে লাখ লাখ ইসরায়েলি নাগরিক প্রাণভয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। আইআরজিসি এই অভিযানকে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর জবাব হিসেবে বর্ণনা করেছে এবং তারা সতর্ক করেছে যে প্রয়োজনে হামলার আরও একাধিক ধাপ পরিচালনা করা হবে।

সূত্র: আল মায়াদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights