গড়াইয়ে ফিরল নৌকাবাইচ, উৎসবে মাতল কুষ্টিয়া
কুষ্টিয়া প্রতিনিধি
প্রায় চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীর বুকে আবারও ফিরেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। সারি-সারি নৌকা, মাঝিদের ছন্দময় বৈঠার টান আর তীরে লাখো দর্শকের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকেই তিন দিনব্যাপী নৌকাবাইচকে ঘিরে কুষ্টিয়ার ঘোড়াই ঘাট থেকে হরিপুর ব্রিজ এলাকা পর্যন্ত সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিভিন্ন বয়সি মানুষ নদীর তীরে জড়ো হন নৌকাবাইচ দেখতে। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে ছুটে আসেন এ আয়োজন উপভোগ করতে।
বিকেল ৪টার সময় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয়। নৌকা নদীর বুকে ছুটে চলার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। প্রিয় দলের নৌকা এগিয়ে গেলে তীর থেকে করতালি ও স্লোগানে মাঝিদের উৎসাহ দেন দর্শকরা। মাঝিদের বৈঠার ছন্দ, নৌকার গতির সঙ্গে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে গড়াই নদীর পাড়।
নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর তীরে বসেছে গ্রামীণ মেলাও। মেলায় দেশীয় খাবার, খেলনা ও বিভিন্ন ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিশু-কিশোরদের পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে দেখা যায় অনেককে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নবাসী এ আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুস সভাপতিত্ব করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। প্রধানবক্তা ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
আয়োজক কমিটির আহ্বায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুস বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এর মূল উদ্দেশ্য।
কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহবার উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকেই গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকজ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যকে মানুষের মাঝে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাগুলোও নিয়মিত আয়োজনের উদ্যোগ নিতে হবে। এসব আয়োজন আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি, যুবসমাজকে মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ অন্যরা।
প্রতিযোগিতার প্রথম দিন ৭টি নৌকা অংশগ্রহণ করেছে। রবিবারর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।
